বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা: অবশেষে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন!
Thank you for reading this post, don't forget to subscribe!

দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা অবশেষে তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জানা গেছে, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের এক ঐতিহ্যবাহী প্রাসাদে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।
গত অক্টোবরে দশেরা উৎসবের পর হায়দরাবাদে অত্যন্ত ব্যক্তিগত পরিসরে এই তারকা জুটি বাগদান সম্পন্ন করেন। যদিও তখন তারা প্রকাশ্যে কোনো ঘোষণা দেননি, বিজয়ের ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে। সে সময় জানানো হয়েছিল, ২০২৬ সালে তারা বিয়ে করবেন। এবার হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, বিয়ের নির্দিষ্ট দিনক্ষণ ও স্থান চূড়ান্ত হয়েছে।
বিয়ের অনুষ্ঠানটি হবে অত্যন্ত ঘরোয়া পরিবেশে, শুধুমাত্র দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে। হায়দরাবাদে ফিরে চলচ্চিত্র জগতের বন্ধুদের জন্য কোনো বড় আকারের সংবর্ধনার পরিকল্পনা আছে কিনা, তা এখনো জানা যায়নি।
বিজয় ও রাশমিকার প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। ২০১৮ সালের জনপ্রিয় ছবি ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯ সালের ‘ডিয়ার কমরেড’-এ একসঙ্গে অভিনয় করার পর থেকেই তাদের রসায়ন নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল ছিল। দীর্ঘদিনের সম্পর্ককে এবার তারা পরিণতি দিতে চলেছেন।
বাগদানের সময় রাশমিকার অনামিকায় পরা আংটি সবার নজর কেড়েছিল। অতীতে রাশমিকার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু তিক্ত অভিজ্ঞতা থাকায়, তিনি প্রেম ও বিয়ের বিষয়ে বরাবরই বেশ সতর্ক এবং জনসমক্ষে খুব বেশি কথা বলতে আগ্রহী নন। তবে এবার তাদের অনুরাগীরা এই জুটির নতুন পথচলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 



















