ফেনীর তিন আসনে মনোনয়ন যাচাই-বাছাই: বৈধ ২২, বাতিল ১২, খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত
Thank you for reading this post, don't forget to subscribe!
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনীর তিনটি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩৫ জন প্রার্থীর মধ্যে ২২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
গতকাল (রবিবার) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে এ যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। যাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ফেনীর জেলা প্রশাসক মনিরা হক এসব তথ্য নিশ্চিত করেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, ফেনী-১ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে এ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়।
বাতিল হওয়া মনোনয়নগুলোর মধ্যে রয়েছে—আয়কর রিটার্নের তথ্য দাখিল না করায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ নাজমুল আলম, ভূমি উন্নয়ন কর পরিশোধ না করায় বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ফিরোজ উদ্দিন ভূঁইয়া এবং নির্ধারিত এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ভূঁইয়ার মনোনয়নপত্র।
বাকি দুটি সংসদীয় আসনের ক্ষেত্রেও একইভাবে যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল মনোনয়নের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, পরবর্তী ধাপে প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন।
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 



















