মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনাই করা যায় না: তারেক রহমান
Thank you for reading this post, don't forget to subscribe!
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ভিত্তি। একাত্তরকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, সাম্প্রতিক অভ্যুত্থানের পর দেশে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা ও সম্ভাবনার জন্ম হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সরকার ও বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নেওয়া যায়।
জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বর্তমান সময়ের রাজনৈতিক সুযোগ কাজে লাগিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করা এখন সময়ের দাবি। বিভাজনের রাজনীতি পরিহার করে বৃহত্তর স্বার্থে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন তারা।
বৈঠক শেষে বাম দলগুলোর নেতারা জানান, আলোচনায় তারেক রহমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেন।
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 



















