পূর্ণিমাগাতি ইউনিয়নে বিএনপির শক্তি বৃদ্ধি, শতাধিক নেতাকর্মীর যোগদান
Thank you for reading this post, don't forget to subscribe!সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রম আরও জোরদার হয়েছে। পূর্ণিমাগাতি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক ও বর্তমান শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
বুধবার দুপুরে পূর্ণিমাগাতি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উল্লাপাড়ায় বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বাসভবনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় এম. আকবর আলী নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
যোগদান কর্মসূচিতে নেতৃত্ব দেন পূর্ণিমাগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন। তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির নেতৃত্বেই দেশের জন্য ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে আমরা বিশ্বাস করি। সেই বিশ্বাস থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও তৃণমূল পর্যায়ের প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি। আমাদের কারও বিরুদ্ধে কোনো মামলা বা রাজনৈতিক অভিযোগ নেই।”
এ প্রসঙ্গে বিএনপি প্রার্থী এম. আকবর আলী বলেন, “বর্তমানে আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে রয়েছেন। এতে তৃণমূলের নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছেন। আমার রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক কার্যক্রম ও উল্লাপাড়া উপজেলার উন্নয়নে নেওয়া উদ্যোগে সন্তুষ্ট হয়েই তারা বিএনপিতে যোগ দিয়েছেন।”
তিনি আরও বলেন, “নবাগত নেতাকর্মীদের পূর্ণিমাগাতি ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানিয়েছি। আশা করি, তারা আগামী দিনে বিএনপির আন্দোলন ও নির্বাচনী কার্যক্রমে শক্তিশালী ভূমিকা রাখবেন।”
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 



















