ইরান ঘিরে যুদ্ধের শঙ্কা: কাতারের মার্কিন ঘাঁটি ছাড়ার নির্দেশ, উত্তেজনা চরমে
Thank you for reading this post, don't forget to subscribe!ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমন করতে সহিংসতা বাড়লে দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা জোরালো হচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক বিভিন্ন সূত্র জানায়, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানঘাঁটি আল-উদেইদ থেকে কিছু মার্কিন কর্মীকে সন্ধ্যার মধ্যে ঘাঁটি ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ নির্দেশনাকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
এই ঘটনার পরই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত এবং পালটা হামলার আশঙ্কা বহুগুণে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, যেকোনো ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে বড় ধরনের অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে।
ইরানে চলমান অস্থিরতার সূত্রপাত হয় গত বছরের ডিসেম্বরের শেষ দিকে। ক্রমাগত অর্থনৈতিক সংকট, বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতাসীন ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক গণআন্দোলনে রূপ নেয়।
বিশ্লেষকদের মতে, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটিই দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ।
পরিস্থিতি কোন দিকে মোড় নেয়—সেদিকেই এখন তাকিয়ে বিশ্ববাসী।
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 



















