কক্সবাজার প্রতিনিধি:
Thank you for reading this post, don't forget to subscribe!কক্সবাজার সদর উপজেলায় এক নারী হত্যার ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল ২০২৬ বিকেলে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জানার ঘোনা এলাকায় একটি পরিত্যক্ত ডোবা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় শনাক্তের পর জানা যায়, নিহতের নাম শাহিদা আক্তার রিপা (মুন্নি)।
ঘটনার পর কক্সবাজার সদর মডেল থানা পুলিশ তদন্ত শুরু করে এবং বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহের ভিত্তিতে নিহতের স্বামী সাইফুল ইসলাম তারেককে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার আলামত হিসেবে একটি ধারালো অস্ত্র ও সংশ্লিষ্ট কিছু উপকরণ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট দেহাংশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 




















